বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

English

সিলেট টেস্ট, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ

পোস্ট হয়েছে: মে ২০, ২০২৬ 

news-image

জিততে হলে গড়তে হতো বিশ্ব রেকর্ড। সকালে ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে মোহাম্মাদ রিজওয়ান ও সাজিদ খান বাংলাদেশের মনে ভয় ঢুকিয়ে সেই সম্ভাবনাও জাগাল। কিন্তু পারল না শেষ পর্যন্ত। তাইজুল ইসলাম জুটি ভাঙার পরের ওভারেই মোহাম্মাদ রিজওয়ানকে ফিরিয়ে বড় বাধা দূর করলেন শরিফুল ইসলাম। পরের ওভারে শেষ বাধাও ভাঙলেন তাইজুল। পাকিস্তানকে টানা দ্বিতীয় হোয়াইটওয়াশের স্বাদ দিল বাংলাদেশ।

সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিকরা। ৪৩৭ রানের লক্ষ্যে ৯৭.২ ওভারে ৩৫৮ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।

দুই ম্যাচের সিরিজ টাইগাররা জিতে নিল ২-০ ব্যবধানে।

ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। আগের ২ ম্যাচের সিরিজটি তারা জিতেছিল পাকিস্তানের মাটিতে।

সকালের সেশনে ১১. ২ ওভার খেলেই এই চ্যালেঞ্জে জিতল বাংলাদেশ। ৯৫.২ থেকে ৯৭.২ ওভারের মধ্যে (১৩ বল) বাকি ৩ উইকেট তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

১২০ রানে ৬ উইকেট নেন তাইজুল। টেস্টে এ নিয়ে ১৮ তম বার ইনিংসে ন্যূনতম ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। বিশ্ব রেকর্ড গড়ে জয় পেতে সফরকারীদের দরকার ছিল আরও ১২১ রান, আর বাংলাদেশের ৩ উইকেট।

মাঠ ভেজা থাকায় পঞ্চম ও শেষ দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর শুরু হয় খেলা। প্রথম ঘণ্টায় পরিকল্পনা অনুযায়ী কিছুই হচ্ছিল না বাংলাদেশের। রিজওয়ান ও সাজিদ সহজেই রান তুলছিলেন, আর লক্ষ্য ধীরে ধীরে ছোট হয়ে আসছিল। তবে অধিনায়ক শান্ত ধৈর্য ধরে বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছিলেন, বিশ্বাস ছিল কেউ না কেউ ব্রেকথ্রু এনে দেবেন। শেষ পর্যন্ত সেই দায়িত্ব নিলেন তাইজুল—যেমনটা তিনি প্রায়ই করেন।

সাজিদকে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানান তাইজুল। ৩৬ বলে ২৮ রান করে ফেরেন সাজিদ। ভাঙে ৭৪ বলে ৫৪ রানের জুটি।

এরপর আর রান যোগ করতে পারেনি পাকিস্তান। পরের ওভারে শরিফুলের প্রথম বলেই গালিতে মিরাজকে ক্যাচ দিয়ে ৯৪ রান করে ফেরেন রিজওয়ান।

এরপর দরকার ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। পরের ওভারে সেটাও সেরে ফেলেন তাইজুল। ছক্কা মারতে গিয়ে ওয়াইড লং অনে তানজিদকে ক্যাচ দেন খুররম শাহজাদ।

এ নিয়ে বাংলাদেশ টানা চার টেস্ট জিতল পাকিস্তানের বিপক্ষে। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ ও তাদের সমর্থকদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো সিরিজে হোয়াইটওয়াশ। প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট হারানোর পরও দলীয় পারফরম্যান্সে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এই জয় নিশ্চিত করেছে টাইগাররা।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০

পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪৩৭, আগের দিন ৩১৬/৭) ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, সাজিদ ২৮, খুররাম ০, আব্বাস ০*; তাসকিন ১২-১-৬২-০, শরিফুল ১২-৪-২৯-১, নাহিদ ১৮-৩-৭১-২, মিরাজ ২০-১-৬২-১, তাইজুল ৩৪.২-৪-১২০-৬, মুমিনুল ১-০-৩-০)

ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী

সিরিজ: ২ ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-০তে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: লিটন কুমার দাস (১২৬ ও ৬৯)

ম্যান অব দ্য সিরিজ: মুশফিকুর রহিম (২৫৩ রান)

 

সূত্র: ইনকিলাব