ইরানের ১৪ দফা প্রস্তাব গ্রহণ করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো পথ নেই: স্পিকার
পোস্ট হয়েছে: মে ১২, ২০২৬
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার বলেছেন, ইরানের জনগণের অধিকার, যা ১৪ দফা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, তা মেনে নেওয়া ছাড়া আমেরিকার অন্য কোনো পথ নেই।
সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন: “ইরানের জনগণের অধিকার, যা ১৪ দফা প্রস্তাবে এসেছে, তা গ্রহণ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অন্য যেকোনো নীতি সম্পূর্ণভাবে অকার্যকর হবে এবং একের পর এক ব্যর্থতার দিকে নিয়ে যাবে। তারা যত বেশি বিলম্ব করবে, মার্কিন করদাতাদের তত বেশি অর্থ নিজেদের পকেট থেকে ব্যয় করতে হবে।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় ৪০ দিনের যৌথ আগ্রাসন বন্ধ হয় বলে জানানো হয়।
যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে শান্তিচুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত দু’পক্ষ একমত হতে পারেনি। এ পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটির জবাব দেবে, এমনটি আশা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু আরও সময় নিয়ে জবাব দিয়েছে।#
পার্সটুডে