রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

English

ইরানি যুদ্ধজাহাজ রাশিয়ায়, অংশ নেবে নৌ-মহড়ায়

পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০২১ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডেস্ট্রয়ার সাহান্দ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দরে পৌঁছেছে। যুদ্ধজাহাজটির সঙ্গে রয়েছে সহযোগী জাহাজ মাকরান। রাশিয়ার নৌ বাহিনী দিবসে এসব জাহাজ রুশ সেনাদের সঙ্গে যৌথ নৌ-মহড়ায় অংশ নেবে।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন। আগামীকাল ওই বার্ষিক মহড়া অনুষ্ঠিত হবে।

জালালি জানান, ইরানের নৌ বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি নৌ মহড়ায় উপস্থিত থাকবেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর আমন্ত্রণে তিনি এ অনুষ্ঠানে যোগ দেবেন।নৌ মহড়ার পাশাপাশি অ্যাডমিরাল খানজাদি রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে থাকবেন রাশিয়া নৌবাহিনী প্রধান।

সের্গেই শোইগু জানিয়েছেন, আগামীকালের মহড়ায় ভারত, ইরান ও পাকিস্তানসহ তার দেশের মোট ৫৪টি জাহাজ অংশ নেবে।

ইরানি জাহাজ দুটি গত মে মাসে বন্দর আব্বাস থেকে রওনা হয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে বাল্টিক সাগরের দিকে গেছে। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা বাড়ছে। পার্সটুডে