হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হুমকি বিশ্ব বাণিজ্যের জন্য ক্ষতিকর: পেজেশকিয়ান
পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০২৬
হরমুজ প্রণালির নিরাপত্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকি- বিশ্ব বাণিজ্যের জন্য উল্লেখযোগ্য ক্ষতি বয়ে আনবে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কৌশলগত এই জলপথে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য ইরান অব্যাহতভাবে চেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
গতকাল (সোমবার) মাসুদ পেজেশকিয়ান তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি, ইসলামাবাদ আলোচনা, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করেন। গত ১১ এপ্রিল ইসলামাবাদ আলোচনার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, একটি টেকসই চুক্তিতে পৌছানোর জন্য ইরানি আলোচকদল অত্যন্ত গুরুত্ব এবং সদিচ্ছা নিয়ে চেষ্টা চালিয়েছিল। কিন্তু দু্ই পক্ষের মধ্যে কিছু টেকনিক্যাল বিষয়ে ভালো বোঝাপড়া তৈরি হওয়া সত্ত্বেও মার্কিন আলোচকদলের অতিরিক্ত দাবি এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণে ইসলামাবাদে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয় নি।
এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান আন্তর্জাতিক নীতি এবং আইনের প্রতি অনুগত থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান তার দেশের জনগণের অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে আন্তর্জাতিক আইন এবং ধারার কাঠামোর অধীনে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এসব কাঠামোর প্রতি শ্রুদ্ধা দেখানোর ব্যাপারে ইউরোপ আমেরিকাকে উৎসাহিত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ‘টেলিফোনালাপে ম্যাকরন প্রাথমিক যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইরানের পরমাণু ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উদ্বেগ নিয়ে ফ্রান্সের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন।#
পার্সটুডে