সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর ব্যাপক গুরুত্বসহ প্রচার

পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০২৬ 

news-image

মার্কিন সংবাদমাধ্যমগুলো ইরানে ইসলামী বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর ব্যাপক গুরুত্বসহ প্রকাশ করেছে এবং এই নতুন নেতার পরিচিতি তুলে ধরেছে।

ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হুসাইনি খামেনেয়ি ইরানের বিশেষজ্ঞ পরিষদ-সদস্যদের অধিকাংশের ভোটে ইসলামী ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় এ খবর মার্কিন সংবাদ-মাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্বসহ স্থান পেয়েছে।

এপি বা এসোসিয়েটেড প্রেস

এ সংবাদ-মাধ্যমটি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নবম দিনে ইসলামী বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর সম্পর্কে লিখেছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির বিশেষজ্ঞ পরিষদের একটি বিবৃতি পড়ে শুনিয়েছে, যে বিবৃতিতে বলা হয়েছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ি নিরঙ্কুশ ভোট পেয়ে সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন এবং বিবৃতিতে তাঁর পেছনে ঐক্যবদ্ধ হতে জাতির প্রতি আহ্বান জানানো হয়েছে।

সিএনএন    

সিএনএন টেলিভিশন ইসলামী বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পর্কে বলেছে, ইরানের শীর্ষস্থানীয় আলেমরা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়িকে তাঁর পিতার স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচন করেছে। সিএনএন আরও বলেছে, ইরানে ক্ষমতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির স্থলাভিষিক্ত হিসেবে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ি বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে নির্বাচিত হওয়ার পর  খুব দ্রুত তাঁর প্রতি সমর্থন ঘোষণা করেছে।

এবিসি নিউজ 

এবিসি টেলিভিশন চ্যানেলও বলেছ, ইরানের শহীদ সর্বোচ্চ নেতার দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হুসাইনি খামেনেয়ি ‘ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে’ নির্বাচিত হয়েছেন। এই টিভি বলেছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ি বেশ কিছুকাল থেকে নতুন সর্বোচ্চ নেতার অন্যতম সম্ভাব্য স্থলাভিষিক্ত হিসেবে বিবেচিত হচ্ছিলেন।

ফক্স নিউজ 

মার্কিন রিপাবলিকান দলের নিয়ন্ত্রিত ও ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স চ্যানেলও ইরানের ইসলামী বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতার জীবন-বৃত্তান্ত, তাঁর নানা তৎপরতার রেকর্ড, শিক্ষাগত যোগ্যতা তুলে ধরে বলেছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির দ্বিতীয় পুত্র ৫৬ বছর বয়স্ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ি ১৯৬৯ সালে মাশহাদে জন্ম গ্রহণ করেন এবং সেই শৈশবেই তাঁর পিতা পাহলাভি স্বৈরশাসনের বিরোধী একজন বিপ্লবী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছিলেন। #

পার্স টুডে