যুক্তরাষ্ট্র স্বীকার করল ইরানের স্কুলে হামলার দায়, ১৭৫ শিশু নিহতের ঘটনায় বিতর্ক
পোস্ট হয়েছে: মার্চ ১২, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রথম দিনে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৭৫ জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনী কার্যত নিজেদের দায় স্বীকার করেছে।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে এই ভয়াবহ হামলাটি মূলত টার্গেটিং ভুলের ফল। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের দাবি মিথ্যা প্রমাণিত হলো, যেখানে তিনি এই হামলার দায় ইরানের ওপর চাপিয়েছিলেন।
রয়টার্স জানায়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সম্ভবত পুরোনো মানচিত্র বা তথ্যের ওপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, একটি মার্কিন ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি শাজারাহ তাইয়েবাহ বিদ্যালয়টিতে আঘাত হানে। স্কুলটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটির খুব কাছে অবস্থিত ছিল, আর ভুল গোয়েন্দা তথ্যের কারণে এটি হামলার শিকার হয়।
ঘটনার পর মার্কিন রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সিনেটর বার্নি স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, ট্রাম্প যেখানে এই ১৭৫ শিশুর হত্যার দায় ইরানের ওপর চাপিয়েছিলেন, সেখানে মার্কিন সেনাবাহিনীই স্বীকার করছে হামলার মূল দায়।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তিনি চূড়ান্ত মন্তব্য করবেন না। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমেরিকা কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।
সূত্র: ইনকিলাব