তেহরান ও মস্কোর মধ্যে বাণিজ্য-প্রবৃদ্ধি এক হাজার কোটি ডলার করা হবে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২৬
ইরানের আন্তর্জাতিক বিষয়ক ডেপুটি তেলমন্ত্রী বলেছেন: দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বিকাশের কাঠামোর মধ্যে তেহরান ও মস্কোর মধ্যে বাণিজ্য ১০ বিলিয়ন তথা এক হাজার কোটি ডলারে উন্নীত হবে।
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক বিষয়ক তেল উপমন্ত্রী আলী মোহাম্মদ মুসাভি, তেহরানে দুই দেশের জ্বালানি মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ইরান-রাশিয়া যৌথ অর্থনৈতিক সহযোগিতা কমিশনের ১৯তম বৈঠকের ফাঁকে ঘোষণা করেছেন যে তেহরান ও মস্কোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সক্ষমতা বর্তমান স্তরের চেয়ে অনেক বেশি এবং এটি সম্প্রসারিত করা আবশ্যক।
ইরান ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যের প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন যে দ্বিপাক্ষিক বিনিময়ের মূল্য বর্তমানে প্রায় ৬ বিলিয়ন ডলার তথা ৬০০ কোটি ডলার এবং এটি ১০ বিলিয়ন ডলারে তথা এক হাজার কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা চলছে। জ্বালানি ক্ষেত্রে দুই দেশের ব্যাপক সক্ষমতার উপর জোর দিয়ে তেলমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী বলেন: জ্বালানি খাতে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল তেলক্ষেত্রের উন্নয়ন এবং ইরানে রাশিয়ান গ্যাস রপ্তানি।
তিনি আরও বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ বিনিয়োগ এবং প্রযুক্তি বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থনৈতিক, জ্বালানি, পরিবহন এবং ব্যাংকিং সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ইরান-রাশিয়া যৌথ অর্থনৈতিক সহযোগিতা কমিশনের ১৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং উভয় পক্ষের কর্মকর্তারা পরিপূরক অর্থনৈতিক সক্ষমতা ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে, ট্রানজিট করিডোরের উন্নয়ন, তেল ও গ্যাস খাতে সহযোগিতা এবং জাতীয় মুদ্রার সাথে বাণিজ্য বিনিময় জোরদার করা তেহরান ও মস্কোর মধ্যে অর্থনৈতিক সম্পর্কের প্রধান অক্ষ হয়ে দাঁড়িয়েছে। #
পার্স টুডে