ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিই গ্রহণ করবে, অন্য কিছু নয়: চীনকে আরাকচি
পোস্ট হয়েছে: মে ৬, ২০২৬
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তিই গ্রহণ করবে।
ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আজ বুধবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুদ্ধ শুরু হওয়ার পর এটি আরাকচির প্রথম চীন সফর।
বেইজিং এ অনুষ্ঠিত এ বৈঠকে আরাকচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সংগত সমাধান ছাড়া তেহরান অন্য কিছু মেনে নেবে না।
চীনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে অভিহিত করে আরাকচি বলেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের অবস্থান ও সহযোগিতার জন্য তেহরান কৃতজ্ঞ। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ওপরও জোর দিয়েছে।#
পার্সটুডে