ইরানে পবিত্র কুরআনের দুর্লভ পাণ্ডুলিপির অনন্য সংস্করণ উন্মোচন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ইরানের দক্ষিণ খোরাসানে একটি দৃষ্টিনন্দন হস্তলিখিত কুরআনের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৭ বছর ধরে একজন ইরানি ক্যালিগ্রাফার এই কুরআনটি লিখেছেন এবং এর পাঁচ হাজার কপি মুদ্রণ করা হয়েছে। এ উদ্যোগ মুসলিম বিশ্বে ইরানি ক্যালিগ্রাফির মর্যাদাকে আরও উজ্জ্বল করেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, প্রাদেশিক কর্মকর্তাদের উপস্থিতিতে দক্ষিণ খোরাসানের কেন্দ্রীয় শহর বির্জান্দে আনুষ্ঠানিকভাবে কুরআনটির উন্মোচন হয়। দক্ষিণ খোরাসানের গণগ্রন্থাগার অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান আলি জাহুরি জানান, এই কুরআন ১৭ বছর ধরে উস্তাদ হামিদরেজা নিকবিন লিখেছেন এবং পাঁচ হাজার কপি ছাপা হয়েছে। সমকালীন ইসলামী বিশ্বের ক্যালিগ্রাফির অন্যতম মূল্যবান নিদর্শন হিসেবে এটি পরিচিতি পেয়েছে।
জাহুরি বলেন, “এই কুরআনটি কেবল ফারসি লিপিতে এবং উস্তাদ উসমান তাহার লেখনশৈলী অনুসরণ করে রচিত হয়েছে। শিল্প ও সাংস্কৃতিক দিক থেকে এটি ইসলামী বিশ্বের অন্যতম উৎকৃষ্ট কাজ।”
তিনি আরও জানান, বিদেশ থেকে মুদ্রণের প্রস্তাব এলেও শিল্পী নিকবিন জোর দিয়ে বলেন, এটি যেন ইরানেই প্রকাশ করা হয়।
এই দৃষ্টিনন্দন কুরআনের দুর্লভ পাণ্ডুলিপির লেখক হামিদরেজা নিকবিন বলেন, “আমি আমার বাবা-মা এবং ক্যালিগ্রাফির পথে যারা আমাকে সহযোগিতা করেছেন সেই সব শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতেই এ কাজ শুরু করি।”
এই প্রবীণ শিল্পী বহু বছর ধরে শিল্পকলার ক্ষেত্রে কাজ করছেন এবং ক্যালিগ্রাফিতে ‘মুমতাজ’ (উৎকৃষ্ট) ডিগ্রি অর্জন করেছেন।#
পার্সটুডে