বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে কম্পিউটার গেম শিল্পের উন্নয়নে কৌশলগত সহযোগিতা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 

news-image

ইরানে কম্পিউটার গেম শিল্পের উন্নয়নে দু’টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতা চুক্তি সই হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান ও গবেষণা কাজের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ‘জাহাদে দানেশগাহি’ এবং কম্পিউটার গেম বিষয়ক ন্যাশনাল ফাউন্ডেশনের মধ্যে এই চুক্তি সই হয়েছে।

এই চুক্তির লক্ষ্য হলো জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোকে সহায়তা, গেমভিত্তিক শিক্ষামূলক পণ্যের বাণিজ্যিকীকরণ এবং এ শিল্পের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি।

ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাহাদে দানেশগাহি এবং ইরানের জাতীয় কম্পিউটার গেমস ফাউন্ডেশনের এই কৌশলগত সহযোগিতা ছয়টি উদ্দেশ্য নিয়ে সম্পাদিত হয়েছে। এর মধ্যে রয়েছে—শিক্ষায় আধুনিক উপকরণ হিসেবে কম্পিউটার গেমের সুচারু ব্যবহার, বিশেষায়িত গেম ডেভেলপমেন্ট কোর্স প্রণয়ন, প্রদেশগুলোতে এ সংক্রান্ত জ্ঞানের সুষম বিস্তার এবং প্রযুক্তি দল ও জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর জন্য আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান।

জাহাদে দানেশগাহির শিক্ষা ও উদ্যোক্তা বিষয়ক উপ-প্রধান মেহদি বাসৌলি বৈশ্বিক অর্থনীতিতে দ্রুত বর্ধনশীল শিল্প হিসেবে কম্পিউটার গেম শিল্পের অবস্থানের কথা উল্লেখ করে বলেন, মোবাইল ব্যবহার বৃদ্ধির ফলে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ গেমের সঙ্গে যুক্ত থাকছেন। তবে গেম নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে ইরানি গেমের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।

তিনি জানান, এ সহযোগিতার লক্ষ্য হলো গেম নির্মাণে আগ্রহীদের সক্ষমতা উন্নয়নের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা এবং সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করা। তিনি আরও বলেন, ইরানে নকশা, গ্রাফিক্স ও কম্পিউটার বিষয়ে বহু স্নাতক, শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তির ভালো দক্ষতা রয়েছে। আশা করা যায়, এ ক্ষেত্রে জ্ঞানভিত্তিক ব্যবসা গড়ে উঠবে এবং এর মাধ্যমে অর্থনীতিও বিকশিত হবে।#

পার্স টুডে